নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আইনি প্রক্রিয়ার সফল অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের লাইসেন্স ফেরত পেয়েছে দেশের অন্যতম
জনপ্রিয় ও মানবসেবামূলক প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতাল। আইনি জটিলতা কাটিয়ে লাইসেন্স পুনর্বহাল হওয়ায় হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম ও চিকিৎসাসেবা পরিচালনায় আর কোনো বাধা রইল না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে দেশের উচ্চ আদালতে দীর্ঘ আইনি লড়াই পরিচালিত হয়। এই জটিল মামলায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তাঁর নিপুণ আইনি দক্ষতা, বলিষ্ঠ যুক্তি উপস্থাপন এবং নিরলস প্রচেষ্টার ফলেই আদালত আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে এই ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেন।
লাইসেন্স ফেরত পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সিনিয়র আইনজীবী শিশির মনিরের প্রতি গভীর ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, অ্যাডভোকেট শিশির মনিরের সঠিক দিকনির্দেশনা, আইনি প্রজ্ঞা এবং অক্লান্ত পরিশ্রম ছাড়া এত দ্রুত ও সফলভাবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হতো না। তাঁর এই অসামান্য অবদান আদ্-দ্বীন পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে দেশের সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষকে স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। লাইসেন্স পুনর্বহালের খবর ছড়িয়ে পড়ার পর রোগী ও তাঁদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আবারও আগের মতো পূর্ণ উদ্যমে দেশের মানুষকে চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতবদ্ধ আদ্-দ্বীন হাসপাতাল।