নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা পরিচিত মুখ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উজ্জ্বল হোসেন আর নেই। সোমবার (২৪ আগস্ট) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিবেদিতপ্রাণ এই স্বেচ্ছাসেবী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাওয়ার পথে সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন উজ্জ্বল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান। পেশাগতভাবে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হলেও এলাকায় তাঁর মূল পরিচয় ছিল একজন 'রক্তের ফেরিওয়ালা' ও মানবতার সৈনিক হিসেবে। দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের জোগাড়সহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দিন কিংবা গভীর রাত—যেকোনো সময়ে রক্তের তাগিদে তিনি ছুটে যেতেন দূর-দূরান্তে।
উজ্জ্বল হোসেনের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রক্তদাতা সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।