সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্যাগী, পরীক্ষিত ও আদর্শনিষ্ঠ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাচনা নতুন বাজারের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে এবং ইসলাম আলী তালুকদারের সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন, বিএনপি নেতা এসএম জাকির হোসেন, কামাল হোসেন, লিটন তালুকদার, মাজেদ মাহমুদ, জুয়েল রানা, সায়মন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন, নতুন কমিটি গঠনে তাঁদের অবদানকে অগ্রাধিকার দিতে হবে। স্বজনপ্রীতি ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ত্যাগ, সততা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। ত্যাগ ও অবদানের স্বীকৃতি ছাড়া দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব নয়।
বিএনপি নেতা এসএম জাকির হোসেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের নিয়ে কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, তারাই আগামীর নেতা।” তৃণমূলের সক্রিয় কর্মীদের নেতৃত্বের সুযোগ দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জালাল উদ্দীন ফারুকী বলেন, “দলের আদর্শ জলাঞ্জলি দিয়ে দল করা যায় না। ত্যাগী, সৎ এবং রাজপথের জিয়ার সৈনিকদের দিয়েই কমিটি গঠন করতে হবে।” তিনি দলের দুঃসময়ে ভূমিকা রাখা নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ৫ আগস্টের পর দলে যুক্ত হওয়া নেতাদের পদায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
সভায় বক্তারা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা, কৃষকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখা এবং যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নেতৃত্বে আনার ওপর গুরুত্ব দেন।
সভায় নতুন কমিটি গঠনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক দলের একটি শক্তিশালী, সুসংগঠিত ও গ্রহণযোগ্য কমিটি গঠিত হবে।