নিজস্ব প্রতিবেদক, জামালগঞ্জ:
বাংলাদেশে শীত মৌসুমের ওয়াজ মাহফিল শুরু হতেই সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দশগ্রাম-কুকড়াপশি ফাতিমা (রা.) মহিলা মাদরাসার ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল নিয়ে শুরু হয়েছে আলোচনা। মাহফিলের প্রস্তুতিমূলক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, তৈরি হয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রতিষ্ঠানটি বরাবরই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ওয়াজ মাহফিলের ঐতিহ্য ধরে রেখেছে। এতে প্রতিবছর বাংলাদেশের প্রখ্যাত মুফাস্সির ও আলোচিত ওয়ায়েজদের উপস্থিতি থাকে। মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর একজন বিচক্ষণ সংগঠক হিসেবে জেন-জি প্রজন্মের চাহিদা এবং দশগ্রামসহ সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আয়োজনটি সাজিয়ে থাকেন।
আয়োজকদের প্রত্যাশা, এ মাহফিলে জামালগঞ্জ উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক তৌহিদি জনতা অংশগ্রহণ করবেন। প্রতিবছরের মতো এবারও ৭ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ মাহফিল। এতে দেশের প্রখ্যাত মুফাস্সির মাওলানা এম. হাসিবুর রহমানসহ আলোচিত ওয়ায়েজদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মাওলানা আলী আকবরের ফেসবুক আইডি থেকে প্রস্তুতিমূলক পোস্টার শেয়ার করার পর শত শত লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে মাহফিলটি জামালগঞ্জের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে মাহফিলকে ঘিরে উৎসুক পরিবেশ সৃষ্টি হয়েছে।
মাওলানা আলী আকবর জামালগঞ্জসহ আশপাশের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।