জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে আনীত দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। মূলত এলাকার একটি প্রভাবশালী মহলের অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার থাকায় তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. জালাল উদ্দিন ফারুকী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে কাজ করে আসছেন। তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকায় একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সাজিয়েছে।
তার বিরুদ্ধে আনা আদম ব্যবসা, নারী কেলেঙ্কারি বা চাঁদাবাজির অভিযোগগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। বরং তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে কোনঠাসা করতে এসব ভুয়া অভিযোগ তৈরি করে উপজেলা বিএনপির কাছে একটি উদ্দেশ্যপ্রণোদিত চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সম্প্রতি খোলা বাজারের (ওএমএস) চাল-আটা বিক্রির ডিলারশিপ নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তাও সম্পূর্ণ ভিত্তিহীন; তিনি সবসময় সততা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
চাঁদাবাজির প্রতিবাদ করায় উল্টো তার বিরুদ্ধেই হয়রানিমূলক মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে দাবি করেন তার সমর্থকরা। তারা জানান, জালাল উদ্দিন ফারুকী বিগত দিনেও দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে কাজ করেছেন।
এ বিষয়ে মো. জালাল উদ্দিন ফারুকীর অনুসারী ও এলাকাবাসী এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে একজন সৎ ও জনপ্রিয় নেতার চরিত্রহননের চেষ্টা করছে। আমরা এই মিথ্যা সুপারিশ ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।