জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সোনামিয়া তালুকদার সাহেবের বড় ছেলে, বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের প্রিয় ব্যক্তি জনাব সিরাজ মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৭ মে ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম সিরাজ মিয়া তালুকদার ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে গেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। রাজনৈতিক অঙ্গনেও তাঁর পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। তাঁর পিতা জনাব সোনামিয়া তালুকদার জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে এলাকায় রাজনৈতিক নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই পরিবারের একজন সদস্য হিসেবে সিরাজ মিয়া তালুকদারও সকলের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ৪নং সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া এক শোকবার্তায় বলেন, “সিরাজ মিয়া তালুকদারের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী ও সমাজবান্ধব একজন মানুষ। তাঁর মতো মানুষের অভাব সমাজে সবসময় অনুভূত হবে. মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।