সংগ্রহীত এডিটিং | ছবি: ২৬/১০/২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ভাটি অঞ্চলের রাজধানীখ্যাত সাচনা বাজার প্রদক্ষিণ করে শোডাউনটি। এর মধ্য দিয়ে নিজের প্রার্থিতার জানান দেন তিনি। শোডাউনটি সাচনা বাজার মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে ইনসানপুর, মমিনপুর, কামনিপুর, ভুঁইয়ারহাটি, সদরকান্দি, কালিপুর, লম্বাবাঁক, উত্তর কামলাবাজ, সাচনা গ্রাম, রামপুর, আলীপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছায়। মোটরসাইকেলের বহর ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। ইউনিয়নের বিভিন্ন জনপদে শোডাউনের মাধ্যমে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কামাল হোসেনের নির্বাচনী তৎপরতা দৃশ্যমান হয়ে ওঠে। উল্লেখ্য, আসন্ন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল হোসেনের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনীতিতে তাঁকে ঘিরে আলোচনা চলছে। এই শোডাউন তাঁর নির্বাচনী কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন সংযোজন।