Mn নিজস্ব প্রতিবেদক, জামালগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের আহ্বানে ব্যবসায়ী, নৌ মালিক-শ্রমিক সমিতি এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর যাদুকাটা নৌ শ্রমিক ও মালিক সমিতি চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে তিন দিন ধরে চলা নৌ ধর্মঘটের অবসান হয়। বৈঠকে যাদুকাটা নদীতে অতিরিক্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং বিআইডব্লিউটি ও ফাজিলপুর টোল ট্যাক্সের নতুন হার নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ কামাল হোসেন, নৌ মালিক সমিতির সদস্য মোবাশ্বির আলম হিমেল ও নরু উদ্দিন,শ্রমিক-মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বল্কহেড মালিক সমিতির সভাপতি খলিল আহমেদ, নৌ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিক, সহ-সভাপতি শামসুল হক, ব্যবসায়ী সমিতির সদস্য আমির হোসেন, জাহিদুল ইসলাম, গণী মিয়া এবং বিভিন্ন শ্রমিক, মালিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটি ও টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে চার্ট লিস্ট রশিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। নতুন টোল হার ফাজিলপুর টোল ট্যাক্স ✅বালু: প্রতি ফুটে ০.৩০ টাকা ✅পাথর: প্রতি ফুটে ০.৮০ টাকা ✅খাস কালেকশন: প্রতি ফুটে ০.৩০ টাকা ফতেপুর বিআইডব্লিউটি ✅বালু: প্রতি ফুটে ০.৫০ টাকা ✅পাথর: প্রতি ফুটে ১.৭০ টাকা পাটলাই নদী বিআইডব্লিউটি ✅প্রতি টনে: ৪০ টাকা ✅১০০ টনের নিচে নৌকা: ৫০০ টাকা ✅১০০ থেকে ২০০ টনের নৌকা: ১,০০০ টাকা ✅২০০ টনের বেশি নৌকা: ২,০০০ টাকা এছাড়া সিদ্ধান্তে স্পষ্টভাবে জানানো হয়েছে, রক্তি নদীর মুখে কোনো অবস্থাতেই অতিরিক্ত চাঁদা আদায় করা যাবে না। ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ কামাল হোসেন বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্ধারিত নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত চাঁদা আদায়ের চেষ্টা করলে ব্যবসায়ী ও নৌ মালিক-শ্রমিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।” দীর্ঘ তিন দিনের ধর্মঘট শেষে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা হওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।